সোনারগাঁও হোটেলের সংস্কার কাজের অনিয়মের অভিযোগ উঠেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বৈঠকে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির ২৩তম বৈঠক কমিটি সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এ সময় সংসদীয় কমিটির সদস্য তানভীর ইমামকে আহ্বায়ক, কামরুল আশরাফ খান ও রওশন আরা মান্নানকে সদস্য নির্বাচিত করে ৩ সদস্যের সাব কমিটি গঠন করা হয়। এই সাব কমিটিকে সোনারগাঁওয়ের সংস্কার কাজের সার্বিক বিষয়ে পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সমস্য কামরুল আশরাফ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংস্কার কাজের সার্বিক বিষয়ে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। আমরা পরিদর্শন করে প্রতিবেদন দেব। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বলেন, ‘সোনারগাঁও নিয়ে অনিয়মের অভিযোগ আমাদের কাছে এসেছে। এটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোনারগাঁও হোটেলের সংস্কারের হরিলুট শুরু হয়েছে। অনিয়ম হচ্ছে সীমাহীন। সংস্কারের মান নিয়েও প্রশ্ন উঠেছে। কমিটি তদ্ন্ত করে কাজ ও ফার্নিচার মান কী দেখা হবে, তার প্রতিবেদন দেবে।’
কামরুল আশরাফ খান বলেন, ‘কিছু দিন আগে আমি সরেজমিনে গিয়ে দেখলাম, ১৪ বছর বয়সী একটি ছেলে সেখানের প্রধান ইলেক্ট্রিশিয়ান। সেই ছবি আজ আমি সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করলাম। একটি বাচ্চা ছেলে যদি হয় ফাইভ স্টার হোটেলের সংস্কার কাজের প্রধান ইলেক্ট্রিশিয়ান, তবে এটি কোন মানের সংস্কার হচ্ছে? ফার্নিচারগুলো দেখলে মনে হবে ফকিরাপুল থেকে আনা হয়েছে। বিদেশির এখানে এসে থাকেন, এটা দেশের ভাবমূর্তির প্রশ্ন। অথচ বেসরকারিভাবে নির্মিত হোটেলগুলো মান অনেক ভালো।’
জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, রওশন আরা মান্নান ও সাবিহা নাহার বেগম অংশ নেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের ব্যাবস্থাপনা পরিচালক, আ্ইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/সিএ/এমএনএইচ/








