রাষ্ট্রপতির কাছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের নিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনসহ ১৯ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে এসব প্রস্তাব তুলে ধরেন দলটির নেতারা।
দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারীর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর ২টা ৫০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন। পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছি, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদেরই সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে ১৯ দফা প্রস্তাব তুলে ধরেছি। সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে দল নিরপেক্ষ কবি ও সাংবাদিক নিয়োগের প্রস্তাব দিয়েছি। এছাড়াও নির্বাচন কমিশনের জন্য একটি মিডিয়া সেল গঠনেরও প্রস্তাব দিয়েছি।
/এসটিএস/টিএন/








