নির্বাচন কমিশন গঠনে আমূল পরিবর্তনের প্রস্তাব দেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এক্ষেত্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ৫-৬ পৃষ্ঠার একটি লিখিত প্রস্তাবনা তুলে দেবেন দলটির নেতারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গ ভবনের দরবার হলে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। দলটির নেতারা জানান, সিপিবির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। এতে নেতৃত্ব দেবেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ ৫ জানুয়ারি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশকে সংলাপের আমন্ত্রণ জানান। একদিন পর ৭ জানুয়ারি বিকল্পধারা বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি। গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি’র আলোচনার মধ্য দিয়ে সংলাপ প্রক্রিয়া শুরু হয়।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, ইসি গঠনে আমূল পরিবর্তনের সুপারিশ করবে তার দল। এক্ষেত্রে আইন প্রণয়ন, কমিশনার নিয়োগ, নিয়োগ প্রক্রিয়াসহ আরপিও-র অনেক ধারা সংশোধনের বিষয়টিও আসতে পারে।
উল্লেখ্য, ২০১১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে গিয়ে ইসি গঠনে আইন প্রণয়নের তাগিদ দিয়েছিল সিপিবি।
/এসটিএস/এপিএইচ/








