রাজধানীর রমনা বটমূলে ২০০১ সালে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার আসামিদের করা আপিল ও ডেথ রেফান্সের ওপর শুনানি শুরু হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে রবিবার শুনানি শুরু হয়।
আসামিপক্ষের আইনজীবী আজ আদালতে পেপারবুক পাঠ শুরু করেছেন।
২০১৪ সালের ২৩ জুন বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মুফতি আব্দুল হান্নান, মওলানা আকবর হোসেন, মুফতি আব্দুল হাই, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান, মাওলানা আরিফ হাসান সুমন ও মওলানা মো. তাজউদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, হাফেজ মওলানা আবু তাহের, মওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, হাফেজ মওলানা ইয়াহিয়া, মওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মওলানা আব্দুর রউফ ও শাহাদত উল্লাহ ওরফে জুয়েল।
আরও পড়ুন: এরশাদের দুর্নীতির মামলা: হাইকোর্টের আদেশ বাতিল করলেন আপিল বিভাগ
/ইউআই/এসটি/








