সুবচন নির্বাসনে যায়নি উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, তবে দেশে সুবচনের কাঙ্ক্ষিত চর্চা হচ্ছে না। কমিশন সুবচন চর্চায় অংশ নিতে চায়। রবিবার দুপুরে দুদক কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, ‘শুধু ভাল ছাত্র নয়। আমরা আলোকিত মানুষ গড়তে চাই। আর এই আলোকিত মানুষ গড়ার জন্য নতুন নতুন উদ্যোগের প্রয়োজন। তাই গার্ল গাইডস এবং বাংলাদেশ স্কাউটসের মতো সামাজিক সংগঠনগুলোর সঙ্গে কমিশন সমঝোতা স্মারকের মাধ্যমে একত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘সমন্বিত প্রচেষ্টা ব্যতীত দুর্নীতি কিংবা অন্য যেকোনও খারাপ বা অনৈতিক কাজ প্রতিরোধ করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টা থাকলে দুর্নীতি দমন বা প্রতিরোধ অসম্ভব নয়। কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করা।’
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ত্রিশহাজার খাতা ও পাঁচহাজার জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এতে দুদকের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্কাউটস ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/আরজে/এমও/








