মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার আটপাড়া থানার সোহরাব ফকিরসহ তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ৭ মার্চ দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার এই আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন।
এই তিন জনের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যকরণের মতো অপরাধের ৫ টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর এই তিনজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনাল এর তদন্ত সংস্থা। নেত্রকোনার এই তিনজন হলেন- শান্তি কমিটির সদস্য হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)। এদের মধ্যে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু পলাতক।
/ইউআই/এসটি/








