পাকিস্তান আমলে প্রণীত ক্যাডেট কলেজ অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে ‘ক্যাডেট কলেজ বিল-২০১৭’ সংসদে পাস হয়েছে। সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক সোমবার সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে জাতীয় পার্টির সংসদ সদস্যদের দেওয়া বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নাকচ হয়।
গত বছরের ৫ অক্টোবর বিলটি সংসদে উত্থাপন করে আনিসুল হক। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৬৪ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিলটি পাস করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘‘ক্যাডেট কল্জে অর্ডিন্যান্স-১৯৬৪’-এর মুখবন্ধে ‘ইস্ট পাকিস্তান’ এবং ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ ইত্যাদির উল্লেখ এখনও রয়েছে, যা বাংলাদেশের সংবিধান ও স্বাধীন সত্ত্বার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।’’
বিলে ক্যাডেট কলেজ কেন্দ্রীয় পরিষদ ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এর গঠন কাঠামো পুনর্গঠন করা হয়েছে। পাস হওয়া বিলে বলা হয়েছে, ক্যাডেট কলেজগুলোর একটি কেন্দ্রীয় পরিষদ থাকবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদাধিকার বলে এর চেয়ারম্যান হবেন। পরিচালনা পরিষদের সভাপতি হবেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল।
/ইএইচএস/এমএনএইচ/








