সংসদ অধিবেশন চলাকালে সোমবার (৩০ জানুয়ারি) রাত ৮টার পর সংসদে কোরাম না থাকার দাবি তুলেছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। পরে ডেপুটি স্পিকার নিশ্চিত করেন, সংসদে কোরাম রয়েছে। এদিকে, অধিবেশন চলাকালে রাত ৮টার আগেই ফাঁকা হয়ে যায় ট্রেজারি বেঞ্চ। এসময় বিরোধী দলের প্রথম সারিতেও কোনও সংসদ সদস্য ছিলেন না।
জানা গেছে, সোমবার সংসদ অধিবেশনে রাত ৮টার পর সরকার দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের বক্তব্য রাখেন। এর পরপরই স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সংসদের কোরাম না থাকার দাবি তোলেন। তবে সরকারি দলের সদস্যরা কোরাম আছে উল্লেখ করে এর প্রতিবাদ করেন। পরে ডেপুটি স্পিকার সংসদে ৬২ জন সদস্য উপস্থিত রয়েছে বলে জানান। সংবিধান অনুযায়ী ৬০ জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। সে কারণেই ডেপুটি স্পিকার বলেন, কোরাম সংকট হয়নি।
এদিকে, সংসদ অধিবেশনের শুরুতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ ট্রেজারি বেঞ্চে কয়েকজন সংসদ সদস্য থাকলেও সংসদে বিল পাস হওয়ার পর পর তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। ফলে শূন্য হয়ে পড়ে ট্রেজারি বেঞ্চ।
জানা গেছে, সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রেজারি বেঞ্চের সদস্যরা দলের এ দুই ফোরামের সদস্য। তাই গণভবনের ওই বৈঠকে অংশ নিতে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। এসময় সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মাত্র তিন জন সংসদে উপস্থিত ছিলেন। তারা হলেন— রেলমন্ত্রী মুজিবুল হক, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
/ইএইচএস/টিআর/








