ফুল প্রেমীদের উৎসাহ দিতে রাজধানী ঢাকায় হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট ২০১৭’। আগামী ২৩ থেকে ২৫ মার্চ বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ মেলা। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আয়োজক ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফর এন্টারপ্রাইজের (আইআইসিই) প্রধান পরামর্শক রেজাউদ্দীন মোশাররফ।
সংবাদ সম্মেলনে রেজাউদ্দীন মোশাররফ বলেন, ‘গত বছর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিন ব্যাপী ফ্লাওয়ার ফেস্ট আয়োজন করেছিলাম আমরা। সেখানে আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম। ওই মেলায় প্রায় ৩০ হাজার ফুল প্রেমী এসেছিলেন। মানুষের ব্যাপক সাড়া পেয়ে আমরা এ বছর তিন দিন ধরে এ উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশুদের জন্য প্রতিদিন সকালে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি মেলায় ৫০ ধরনের ফুল নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী করবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ফ্লাওয়ার ফেস্ট আয়োজনে সহযোগী হিসেবে থাকবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি ও বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএফএম জামাল উদ্দীন, ফুল চাষী নাসরিন নাহার আশা, অঞ্জু সরকার, আশফাক খান প্রমুখ।
/আরএআর/এএআর/








