পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় আট গুণেরও বেশি অর্থ ব্যয় করছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ২০১৫ সালে গবেষণা খাতে ব্যয় করেছিল ৭ কোটি ৪ লাখ ২৯ হাজার টাকা। অন্যদিকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ওই বছরে এ খাতে ব্যয় ছিল ৬০ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকা।
রবিবার জাতীয় সংসদে উপস্থাপিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিবেদন ২০১৫-এ এমন চিত্র পাওয়া গেছে। সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫ সালে দেশের ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১১টিতেই কোনও গবেষণা ব্যয় ছিল না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে বেশি গবেষণা ব্যয় হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ২০১৫ সালে এ বিশ্ববিদ্যালয়টি গবেষণা খাতে ব্যয় করেছিল ২ কোটি ১০ লাখ ৮২ হাজার টাকা। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয় করেছিল গবেষণায়।
অন্যদিকে দেশের ৮৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৯টি গবেষণা খাতে কোনও ব্যয় করেনি। তবে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে বড় অংকের অর্থ ব্যয় করেছিল বলে প্রতিবেদন থেকে জানা গেছে।
এদের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি ২৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার, ইন্ডিপেনডেন্ট ইউনিভাসির্টি ৮ কোটি ৮০ লাখ ৮৭ হাজার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ৫ কোটি ১২ লাখ ১৪ হাজার টাকা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৪ কোটি ৭১ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে। অবশ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত গবেষণা কার্যক্রম প্রবন্ধ ও সাময়িকী হিসেবে প্রকাশিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইএইচএস/এএআর/








