পরিবহন ধর্মঘটকে ঘিরে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের দেওয়া আগুনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের পাশের একটি পুলিশ বক্স ছাই হয়ে গেছে। পুলিশের র্যা কারও জ্বালিয়ে দিয়েছে তারা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা তিনটি প্রাইভেট কার ও একটি ট্রাক ভাঙচুর করেছে। সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল আর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে গাবতলী গরুর হাটে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় রাত সাড়ে ৯টা থেকে গাবতলী-আমিনবাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিন দেখা গেছে, ঘটনাস্থলে অবস্থান নিয়েছে র্যা ব। তারা সড়ক থেকে পরিবহন শ্রমিকদের খুঁজে খুঁজে সরিয়ে দিচ্ছেন। র্যা ব-৪-এর উপ-অধিনায়ক খোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এখনও পুরো এলাকা নিয়ন্ত্রণে আনতে পারিনি। পুরোপুরি নিয়ন্ত্রণে এলে গাবতলী-আমিনবাজার সড়ক উন্মুক্ত করে দেওয়া হবে।’
বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও তাণ্ডবে পুরো এলাকায় এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এর আগে গাবতলীতে বিকেল থেকে সমাবেশ করেছে তারা। বুধবার (১ মার্চ) সকাল থেকে পূর্ণ কর্মবিরতি ও অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে এই সমাবেশে।
/সিএ/এআরআর/জেএইচ/








