রাজধানীর পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মারা যাওয়ার ঘটনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে (সিইও) হাইকোর্টে তলব করা হয়েছে। আগামী ১৯ মার্চ আদালতে উপস্থিত হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মঙ্গলবার এ আদেশ দিয়েছেন।
একইসঙ্গে কর্তব্যে অবহেলার কারণে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না বা কেন ফৌজদারি আইনের আওতায় আনা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। এছাড়া মৃতব্যক্তির পরিবারেকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
নির্বাহী প্রকৌশলী পল্টন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (৬ মার্চ) রাজধানীর পল্টনে কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে একটি খোলা ম্যানহোলে পড়ে নিহত হন এক ব্যক্তি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এমটি/ইউআই/এসটি








