নারীর প্রতি সব ধরনের শোষণ-বৈষম্য রোধ করতে আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ন্যাপ নেতারা। তারা বলেন, ‘দেশের নারী সমাজ বর্তমানে আধুনিকতার নামে অনেক বেশি শোষণ আর ভোগের শিকার হয়ে পড়েছে। তাদের জীবনের নিরাপত্তাহীনতাও বাড়ছে।’
বুধবার বিকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা ন্যাপ আলোচনা সভার আয়োজন করেছিল।
সভায় ন্যাপ সমন্বয়কারী অধ্যাপিকা শিউলি সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
আলোচনায় অংশ নেন ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, সম্পাদক কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব শহীদুননবী ডাবলু, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল, মহিলা ন্যাপ সমন্বয় কমিটির সদস্য আমেনা খাতুন মনিসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে একত্রে কাজ করতে হবে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে নারীর জন্য আরো সুযোগ তৈরি করতে হবে।
সভাপতির বক্তব্যে শিউলি সুলতানা বলেন, নারী সমাজের অশিক্ষার অন্ধকার ঘুঁচিয়ে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য অনেক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। ফলে নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের মূল স্রোতধারায় তাদের সম্পৃক্ত করার কারণে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠে।
/এসটিএস/এসটি








