মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে পাকিস্তানি যুদ্ধজাহাজ ধ্বংসের সত্যিকারের কাহিনী ‘অপারেশন জ্যাকপট' নিয়ে চলচ্চিত্র হচ্ছে। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের অবদান ও নৌ কমান্ডারদের দুঃসাহসিক এই অভিযানকে স্মরণীয় রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ‘অপারেশন জ্যাকপট' নামে চলচ্চিত্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি জানানো হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের অবদান এবং অকুতোভয় বীর বাঙালি নৌ-কমান্ডোদের দুঃসাহসী অভিযানকে স্মরণীয় করে রাখতে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে।
এদিকে বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য তিন হাজার ৬৬০ ইউনিট আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩৬০ ইউনিট ফ্ল্যাট নির্মাণ কাজ চলমান আছে।
বৈঠকে উল্লেখ করা হয়, মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩৩৮ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০০৯ হতে ২০১৬ পর্যন্ত মোট ৭টি উন্নয়ন প্রকল্প এবং ৪টি উন্নয়ন কর্মসূচি শেষ হয়েছে। বর্তমানে ৪টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে এবং ৮টি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌমন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আবদুল হাই, এম. আব্দুল লতিফ ও মো. আনোয়ারুল আজীম বৈঠকে অংশ নেন।
/ইএইচএস/টিএন/








