জাতীয় পার্টিকে ‘গৃহপালিত বিরোধী দল’ বলায় সংসদের বাইরে থাকা বিএনপির সমালোচনা করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘বিএনপি আজে বাজে কথা বলে। তারা বলে আমরা গৃহপালিত বিরোধী দল, তোমরা (বিএনপি) কি করেছো? সংসদে যাওনি।’
সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বলেন, ‘আমরা এক দল আরেক দলকে বিশ্বাস করি না, তাহলে জনগণ ভোট দেবে কিভাবে? কোনও সময় আমরা একমত হই না। এটা আমাদের ছাড়তে হবে। আমরা জনগণের জন্য কাজ করছি। দেশের জন্য কাজ করছি। আমরা যদি মিলে মিশে থাকি দেশ আরও এগিয়ে যাবে।’
দেশের আটটি বিভাগে হাইকোর্টে বেঞ্চ দেওয়ার দাবি করে তিনি বলেন, ‘ময়মনসিংহে একটি হাইকোর্ট বেঞ্চ দিলে ভালো হয়।’ এসময় তার আশপাশ থেকে সংসদ সদস্যরা সব বিভাগের কথা জানালে তিনি বলেন, ‘আমি ময়মনসিংহেরটা বলবো, তবে সব বিভাগে হলে ভালো হয়।’
সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বিরোধী দলের এ নেতা বলেন, ‘এখানে রাস্তা-ঘাট প্রচুর নেই, কিন্তু গাড়ি প্রচুর। যোগাযোগমন্ত্রী অনেক চেষ্টা করছেন। কিন্তু এত চেষ্টা করেও যানজট কমানো, কালো ধোঁয়া কমাতে পারেন নাই। উনার উদ্যোগ আছে, নিজেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আরও একটু ভালো ভাবে করলে জনগণ উপকার পাবে।’
ঢাকা শহরে হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত সবার জন্য কর্মসংস্থান নির্ধারণ করতে হবে। কর্মসংস্থানের সুযোগ কম আছে। হকারদের তুলে দেওয়া হয়েছে। তাদের বিকল্প ব্যবস্থা দেওয়ার অনুরোধ করছি, একটা বন্ধ করে দিলে আরেকটা দিতে হবে।’ এসময় সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছর করার দাবিও জানান রওশন।
সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড করার দাবি করে তিনি বলেন, ‘সরকারি কর্মচারিদের বেতন বেড়েছে, সাংবাদিকদের বাড়েনি। দেশের দায়িত্ব আপনার (প্রধানমন্ত্রী) ওপর। সব দায়িত্ব আপনার। আপনি অনেক বেশি জনদরদী সেজন্য আপনার কাছে বলা হচ্ছে।’
/ইএইচএস/এমও/








