রাজধানীর হাজারীবাগের ট্যানারি বন্ধ করতে হাইকোর্টের দেওয়া রায়ে চামড়া ব্যবসায়ীদের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যন্ড ফুটওয়্যার এক্সপোটার্স অ্যাসেসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন মাহিন।
রবিবার রাজধানীর রাইফেলস স্কয়ারের ইমান্যুয়েল কনফারেন্স সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে সেখানে চামড়া ব্যবসায়ীদের ১৩টি সংগঠনের নেতারা এ বিষয়ে বৈঠক করেন।
কত দিনের মধ্যে হাজারিবাগ থেকে আপনারা ট্যানারি সরিয়ে নেবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহি উদ্দিন মাহিন বলেন, ‘এখনও আমরা কোনও নোটিশ পায়নি। নোটিশ পেলেই আমরা আমাদের মতো করে ট্যানারি সরিয়ে নেব। তবে এর মধ্যে পরিবেশ অধিদফতর যদি পুলিশ নিয়ে আসে তবে তারা তাদের কাজ করবেন।’
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ‘যদি আর একটু সময় পাওয়া যেতো তবে আমরা ভালোভাবে ট্যানারিগুলো সরাতে পারতাম। কারণ সাভারে ট্যানারি পল্লীতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ এখনও পাওয়া যায়নি। যতোদিন পর্যন্ত আমরা এসব সংযোগ না পাবো আমাদের কর্মচারীদের বেতন দিতে হবে। ফলে আমাদের অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।’
এছাড়াও এ সময়ের মধ্যে বিদেশী ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন শাহীন আহমেদ।
এদিকে সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেনৃত্বাধীন বেঞ্চ রাজধানীর হাজারীবাগের ট্যানারি বন্ধ করে দিতে হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল রাখেন। গত ৬ মার্চ হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণকারী এসব ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করে দিতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়।
ট্যানারি বন্ধের কাজটি করবে পরিবেশ অধিদফতর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে ট্যানারি বন্ধের কাজে সহায়তা করতে বলা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিলে আপিল করা হয়।
বেলার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৯ সালের জুন মাসে ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এর জন্য ২০১১ সালের এপ্রিল পর্যন্ত সময় বেধে দিলেও এখনও অনেক কারখানা সেখানে কাজ করছে। এরপর গত বছর ডিসেম্বরে শিল্প সচিব হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ ও ট্যানারি বন্ধ করার সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ জারি করেন।
/আরএআর/এসএনএইচ/








