রোহিঙ্গাদের প্রতি অত্যাচার বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে মিয়ানমারকে শক্ত বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি। সোমবার জেনেভায় মানবাধিকার কমিশনের ৩৪তম সভায় তিনি বলেন, মিয়ানমারে বৈষম্যমূলক নীতি রয়েছে। সেখানে রোহিঙ্গাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এর প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে।
ইয়াংঘি লি রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য দুইবার মিয়ানমার এবং একবার বাংলাদেশ সফর করেন।
বাংলাদেশ সফরের সময় তিনি ১৪০ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেছেন। তাদের লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা শুনেছেন তিনি।
ইয়াংঘি লি বলেন, তিনি রোহিঙ্গাদের কাছ থেকে গলা কেটে ফেলা, গুলিবর্ষণ, বন্দি করে ঘরে আগুন দেওয়া, শিশুদের আগুনে নিক্ষেপ এবং গণধর্ষণের মতো বিভৎসতার কথা জানতে পেরেছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই বিশেষ দূত বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।
তিনি রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ থামানো ও সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া রোহিঙ্গাদের প্রতি সংঘটিত অপরাধের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মিয়ানমারের গঠিত তদন্ত কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এ কমিশনে পুলিশ ও সামরিক বাহিনীর লোকেরা সদস্য। ফলে এসব কমিশন নিরপেক্ষ নয়।
/এসএসজেড/এমপি/








