তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে করা দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন।
খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, এ আবেদন খারিজ হওয়ার ফলে এ মামলা চলতে আইনগত আর কোনও বাধা নেই। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। মামলার দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারিক আদলে মামলা শুরু হলে তারা এসে উচ্চ আদালতে আপিল করেন। সেই আপিলের কাগজ বিচারিক আদালতে জমা দিলে বিচার আটক থাকে। যদিও এক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশ স্থগাতিদেশ ছাড়া কোনও মামলার কার্যক্রম থেমে থাকবে না। কিন্তু উচ্চ আদালতকে সম্মান দেখিয়ে বিচারিক আদালত মামলা মুলতবি রাখেন। ফলে দীর্ঘসূত্রিতা বাড়ে।’
প্রসঙ্গত, ফজলুল হকের বিরুদ্ধে ৯৭ লাখ টাকা তথ্য গোপন করা, ১ কোটি ৮০ লাখ জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের বিষয়ে অভিযোগ আনে দুদক।
/এমটি/এসটি/








