চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্ধিত ভূমি কর আদায় আগামী ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এই বর্ধিত কর আদায় কার্যক্রমকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মাহমুদ উল্লাহর বেঞ্চ মঙ্গলবার (২১ মার্চ) এ আদেশ দেন।
চসিক মেয়র, এলজিইডি সচিব ও সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন রিট শুনানিকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
প্রসঙ্গত, ২০০৯ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন আইনে ৭ শতাংশ কর ধরা হলেও সম্প্রতি সেটি ১৭ শতাংশে উন্নীত করা হয়েছে। এ কারণে প্রতিকার চেয়ে করদাতা সুরক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক জহুরুল হক একটি রিট করেন।
/এমটি/ইউআই/এসটি/








