ভেজাল প্যারাসিটমল ও সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে ঢাকার ড্রাগ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন রিড ফার্মার মালিক মিজানুর রহমান ও তার স্ত্রী শিউলি রহমান।
রবিবার বেলা ১২টার দিকে আসামিদের আইনজীবী আনোয়ার জাহিদ ভূঁইয়ার মাধ্যমে আসামিরা ঢাকার ড্রাগ আদালতে আত্মসমার্পণ করে জামিনের আবেদন করেন। জামিন আবেদন শুনানি শেষে ড্রাগ আদালতের বিচার আতাউর রহমান প্রত্যেককে ১০ হাজার টাকার মুচলেকা ও স্থানীয় একজন জামিনদারের জিম্মায় তাদের জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলী নাদিম মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসামিদের জামিন আবেদনের বিরোধীতা করেছি আমি।’
জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর বাদীর অদক্ষতা, অবহেলার কারণে ভেজাল প্যারাসিটামল পানে শিশুমৃত্যুর ঘটনায় রিড ফার্মাসিউটিক্যালের মালিক মিজানুর রহমান, তার স্ত্রী ও কোম্পানি পরিচালক শিউলি, পরিচালক আব্দুল গণি ও ফার্মাসিস্ট মাহাবুবুল ইসলাম, এনামুল হককে জামিন দেন আদালত। তবে গত ৯ মার্চ হাইকোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসমার্পণ করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কিডনি নষ্ট হয়ে যাওয়ায় প্রায় ২৮ জন শিশু মারা যায়। এর ফলে ড্রাগ কর্তৃপক্ষ ২২ জুলাই রিড ফার্মার কারখানাটি বন্ধ করে দেয়। এঘটনায় সরকার সাত সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে।
২৯ জুলাই তদন্ত কমিটি ঘোষণা করে, তারা রিড ফার্মার সিরাপে বিষাক্ত পদার্থ ডাই-ইথানল গ্লাইকল শনাক্ত করা হয়েছে। উৎপাদন ব্যয় কমাতে রিড ফার্মা প্রোপাইলন গ্লাইকল ব্যবহারের পরিবর্তে এটা ব্যবহার করত।
সে সময় সরকার রিড ফার্মার রিডাপ্লেক্স (ভিটামিন-বি কমপ্লেক্স সিরাপ) এবং টেমসেট (প্যারাসিটামল সাসপেনশন) নামে দুইটি ড্রাগ নিষিদ্ধ করে।
ড্রাগ সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম ২০০৯ সালের ২১ জুলাই ঢাকার একটি আদালতে রিড ফার্মার পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন।
/এসআইটি/এসএনএইচ/








