কোন যুক্তিতে প্রতিরক্ষা চুক্তি: আনু মুহাম্মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ২৩:০২আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ২৩:০২

বক্তব্য রাখছেন আনু মুহাম্মদ ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকটি চুক্তি হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে। কিন্তু এসব চুক্তিতে দেশের কি লাভ কিংবা ভারতের কাছ থেকেই বা দেশ কি পাচ্ছে, সেসব বিষয়ে জনগণের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন মনে না করায় সরকারের সমালোচনা করলেন সুশীল সমাজ।

সোমবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: সমতা ও মর্যাদা প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কোনও যুক্তিই নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক কর্মী ও বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা চুক্তির ক্ষেত্রে দেশের জন্য কিছু লক্ষ্য থাকতে হয়, যুক্তি থাকতে হয়। কিন্তু এই প্রতিরক্ষা সমঝোতা চুক্তিতে দেশের জন্য কোনও সুবিধা দেখছি না। ফলে এই চুক্তির কোনও যুক্তিই নেই। আমরা কোন যুক্তিতে এমন চুক্তি করবো সেই যুক্তি নেই বললেও তা শোনার সময় নেই প্রধানমন্ত্রীর।’

অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, ‘দেশের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে, আবার প্রতিরক্ষা চুক্তিও করতে চায় ভারত। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিরক্ষা হচ্ছে সুন্দরবন। এটাই আমাদের প্রাকৃতিকভাবে প্রতিরক্ষা দিয়ে রেখেছে। বছরের পর বছর কোটি কোটি মানুষ এর মাধ্যমে রক্ষা পাচ্ছে। কিন্তু শেখ হাসিনা যদি বুঝতেন তাহলে প্রতিরক্ষা চুক্তি না করে বরং সুন্দরবন রক্ষা করে দেশের কোটি কোটি মানুষের প্রাকৃতিক প্রতিরক্ষা দিতেন। তিনি ভারতকে বলতেন, রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল করা হোক।’

বৈঠক সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। ভারতের চাওয়াকে প্রাধান্য দিয়েই চুক্তি হতে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে ছিল বলে আমরা সবসময় কৃতজ্ঞতা জানাই। কিন্তু এর মানে এই নয় যে, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে চুক্তি করতে হবে।’


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আহমেদ কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণকে নাবালক মনে করেন। তিনি মনে করেন, দেশের ব্যাপারে বোঝার যোগ্যতা আমাদের নেই। তিনি দেশের নাগরিকও মনে করেন না আমাদের। এ কারণেই হয়তো এসব নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা দেখেন না। প্রধানমন্ত্রীর প্রতি শুধু একটা অনুরোধ থাকবে— আপনি ভারতে যাচ্ছন প্রধানমন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন, মুখ্যমন্ত্রী হয়ে নয়!’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘চীন থেকে দেশ সাবমেরিন কিনেছে, অস্ত্রও কেনে। আবার পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। এদিকে শ্রীলংকা ও নেপালের মধ্যকার সম্পর্ক খুবই ভালো। এরই ফলে ভারতের উদ্বেগ তৈরি হওয়ার ব্যাপার তো আছেই। তাছাড়া ভারত তো ভাবেই তারা ‘বড় ভাই’। আধিপত্যবাদী ও দাদাগিরিই যাদের অভ্যাস তারা তো সবখানেই দাদাগিরি করতে চাইবে, এই নীতি থেকে তারা বের হতে পারবে না।’

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইদুল হক বলেন, ‘আমরা অনুসন্ধান করে পেয়েছি এবং গবেষকরাও বলছেন, ভারতের সঙ্গে প্রায় ৩০টির মতো চুক্তি করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। গবেষকরা এমনও বলেছেন, অধিকাংশ চুক্তি ভারতের পক্ষে যাবে এবং ভারতের অগ্রাধিকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে সেইসব চুক্তি।’

সাইদুল হক আরও বলেন, ‘ভারতীয়রা কতোভাবে আগ্রাসন করছে তার অন্যতম প্রমাণ টেলিভিশন। ভারতে আমাদের দেশের কোনও টিভি চ্যানেল চলে না। বরং ভারতের সব চ্যানেল বাংলাদেশের এমন কোনও ঘর নেই যেখানে দেখা যায় না। আমাদের মতো ভারতের সাধারণ মানুষও জানে না দুই দেশের চুক্তিগুলোতে কি হতে যাচ্ছে। কারণ ভারত সরকার নিজ দেশের জনগণের কাছ থেকে এসব তথ্য গোপন করছে। বাংলাদেশের মানুষের মধ্যে এই চুক্তি নিয়ে উৎকণ্ঠা যে রয়েছে, তা ভারতের মানুষ জানে না। জানলে তারাও প্রতিবাদী হয়ে উঠতো।’

গোলটেবিল বৈঠকে আলোচনা করেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন খান, শিল্পী মাকসুদুল হক, শিল্পী ও গবেষক অরূপ রাহী এবং বামমোর্চা ও সিপিবি-বাসদের নেতারা। বৈঠক পরিচালনা করবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য আবুল হাসান রুবেল।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম