বিসিকের কারণেই সংকট, অভিযোগ ট্যানারি মালিকদের

রশিদ আল রুহানী
০৪ এপ্রিল ২০১৭, ০৭:৫০আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০৭:৫০

হাইকোর্টের চূড়ান্ত রায় ও নির্দেশের পরেও হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভারে স্থানান্তর না করতে মালিকরা এবার কৌশলে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) দুষছেন। তাদের অভিযোগ, বিসিকের ‘দ্বৈত’ চরিত্রের কারণেই হুমকির মুখে পড়েছে ট্যানারি শিল্প।

বিসিকের লোগো ও হাজারীবাগের ট্যানারি শিল্প এলাকা ফিনিস লেদার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মাহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিসিকের কারণেই আমরা এত সংকটে পড়েছি। কারণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিসিক বলেছে এক কথা, আদালতকে বলেছে ভিন্ন কথা।’ তিনি আরও বলেন, ‘সংসদীয় কমিটির সভায় ট্যানারি কারখানা সরাতে সাভার এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত নয় বলেছে বিসিক। অন্যদিকে আদালতকে তারা বলেছে সাভার প্রস্তুত। বিসিকের এই দ্বৈত ভূমিকার কারণেই আমরা সংকটে পড়েছি।’

গত ১ এপ্রিল রাজধানীর ঝিগাতলা মোড়ে রাস্তা অবরোধ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে মানববন্ধন করেন ট্যানারি মালিকরা। অন্যদিকে রবিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সংবাদ সম্মেলন করে একই অভিযোগ তোলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তাদের আওতাধীন প্রায় অর্ধশত সংগঠন রয়েছে।

বিসিকের অব্যবস্থাপনার ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে ট্যানারি মালিকরা বলেন, ‘ইতোমধ্যে চামড়া শিল্প নগরীতে অর্ধশত কারখানা স্থানান্তর করা হয়েছে। অথচ কোনোভাবে সেগুলোর বর্জ্য শোধন করা যাচ্ছে না। অথচ আদালতকে বিসিক তথ্য দিয়েছে, শিল্প নগরী প্রস্তুত।’

ট্যানারি মালিকদের দাবি, বুড়িগঙ্গা নদীর দূষণের পেছনে হাজারীবাগের চামড়া শিল্পকে দায়ী করা হলেও এখন তা অনেকাংশে কমে গেছে। তবে অপরিশোধিত তরল বর্জ্য ধলেশ্বরী নদীতে যাওয়ায় সেখানে জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। অন্যদিকে স্থানান্তরিত কোনও কারখানায় এখনও গ্যাস সংযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।

সংবাদ সম্মেলনে বিসিকের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ। তার অভিযোগ, ‘আদালতকে অসত্য তথ্য দিয়েছে বিসিক। আদালতের কাছে তারা এমন ধারণা সৃষ্টি করেছে যে, সাভারে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরেও আমরা সেখানে যাচ্ছি না।’

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আরও বলেন, ‘সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী সাংবাদিকদের বলেন, সাভারে এখনও গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। জমি রেজিস্ট্রিও হয়নি, সিইটিপি অসম্পূর্ণ। তার এমন বক্তব্যের পরও হাজারীবাগ থেকে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তা চামড়া শিল্পে মহাবিপর্যয় ডেকে আনবে। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত ৫০ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। সেই সঙ্গে বাতিল হয়ে যেতে পারে বাস্তবায়ন প্রক্রিয়ায় থাকা প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার রফতানি আদেশ।’

এদিকে ট্যানারি মালিক সমিতির এসব অভিযোগ প্রসঙ্গে জানতে বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একেক পক্ষ একেক কথা বলে। একবার মালিক পক্ষ আমার কাছে এসে মাফ চায়, আবার শিল্প নগরীর ঠিকাদাররা মাফ চায়। এই অবস্থা চলতে থাকলে কোন দিকে যাবো? সবকিছু তো স্বাভাবিক গতিতে চলতে হবে। এই কারণে সোমবার (৩ এপ্রিল) আমার দফতরে সব পক্ষকে ডেকেছি। তাদের সঙ্গে একটি যৌথ বৈঠক হবে। তারপর আমরা সাংবাদিকদেরকে সব জানাবো।’

সংবাদ সম্মেলনে বিসিকের অব্যবস্থাপনার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে বলে দাবি জানিয়েছে চামড়া শিল্প সংশ্লিষ্ট মালিকদের সংগঠনগুলো। সাভার চামড়া শিল্প নগরীর অসম্পূর্ণ সুযোগ-সুবিধা ও স্থাপনার বিষয়ে প্রকৃত তথ্য বিসিককে প্রকাশ করার দাবির জানিয়েছেন তারা।

এছাড়া উদ্যোক্তারা যেন ঋণ সুবিধা পেতে পারে সেজন্য প্লটের মালিকানা দলিল নিবন্ধন দ্রুত করা, অবিলম্বে সাভার চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, যারা শিল্প নগরীতে প্লট পাননি তাদের প্লট নিশ্চিত করার দাবিও আছে মালিক সংগঠনগুলোর।

প্রসঙ্গ, হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা অবিলম্বে সরাতে হাইকোর্টের এক রায়ের পর মালিকরা আপিল করে। পরে আপিল বিভাগ গত ৩০ মার্চ এক রায়ে ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ দেন আদালত। এ নির্দেশনা অনুযায়ী আগামী ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে পরিবেশ অধিদফতরকে।

/জেএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম