গুম-খুন-ক্রসফায়ার নিয়ে মানবাধিকার কমিশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

জামাল উদ্দিন
০৫ এপ্রিল ২০১৭, ১০:২৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১০:৩০

জাতীয় মানবাধিকার কমিশন

গুম-খুন, অপহরণ, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে শিগগির পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। একইসঙ্গে উভয় পক্ষের সদস্যদের নিয়ে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিও গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার পরিচালিত মানবাধিকার বিষয়ক এই সংস্থাটি। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত তিন মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ২৫ জনকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে চার জন ফিরে আসে, একজনের লাশ পাওয়া যায়। অন্যদের কোনও খবর এখনও জানেন না তাদের স্বজনরা।

এদিকে, গত ৩১ মার্চ আসকের এক প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ৫৯ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। নিহতদের মধ্যে র‌্যাবের ক্রসফায়ার ও হেফাজতে নয় জন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪১ জন, ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় জন, পুলিশ ও র‌্যাব হেফাজতে দুই জন এবং বান্দরবানের লামায় সেনাবাহিনীর গুলিতে একজন মারা যান।

এর মধ্যে গত ২৯ মার্চ দিবাগত রাতে চট্টগ্রাম শহরের চন্দনপুরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল আলম নুরুকে। এর কয়েক ঘণ্টার ব্যবধানে তার লাশ পাওয়া যায় চট্টগ্রামের রাউজানের কর্ণফুলি নদীর তীরে। নুরুর ভাগ্নে জাহিদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি মামাকে (নুরু) তুলে নিয়ে যায় বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে। পরদিন বেলা সাড়ে ১১টার দিকে জানতে পারি, কর্ণফুলী নদীর তীরে তার লাশ পড়ে আছে। অথচ পুলিশ বলছে তারা কিছুই জানে না। তদন্ত করে বিষয়টি জানতে হবে। এটা কেমন করে হয়?’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের পরিচয়ে এতগুলো লোককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়েই তাদের নিয়ে যাওয়া হচ্ছে। এটা পুলিশকেই খতিয়ে দেখতে হবে। তদন্ত করে তাদের বের করতে হবে যে পুলিশ সদস্যরাই তাদের তুলে নিয়ে গেছে কিনা। তেমনটি হয়ে থাকলে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। আর অন্য কেউ তাদের তুলে নিয়ে গেলেও পুলিশেরই খুঁজে বের করতে হবে যে কারা তাদের তুলে নিয়ে গেছে। দায়িত্বটা পুলিশেরই। মানুষকে শান্তিতে বসবাস করার পরিবেশটা পুলিশকেই তৈরি করে দিতে হবে।’

কাজী রিয়াজুল হক আরও বলেন, ‘বারবার ঘটনা ঘটছে। আর পুলিশ অস্বীকার করছে। এ ক্ষেত্রে কারও না কারও দায়বদ্ধতা তো রয়েছেই। সেই বিষয়টি নিয়ে কমিশন ভাবছে। এ বিষয়গুলোকে আমরা একটা দায়বদ্ধতার জায়গায় নিতে চাই। আমরা চাই মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে। আমরা একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া ব্যক্তিদের প্রকৃতপক্ষে কারা তুলে নিচ্ছে, তা আমরা জানতে চাই।’

ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ কিংবা এনকাউন্টারের বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘এগুলো কিভাবে কমিয়ে আনা যায় সেটা নিয়ে পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এ সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহের মধ্যে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়গুলো নিয়ে বৈঠক করব।’

গুম-খুন ছাড়াও ক্রসফায়ার বন্দুকযুদ্ধ কিভাবে কমিয়ে আনা যায়, সেটা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান রিয়াজুল হক। তিনি বলেন, ‘আমরা পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করব। বৈঠকে তাদের বলা হবে, মানবাধিকার লঙ্ঘন না করে আপনাদের কাজ করতে হবে।’ তাছাড়া মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে পুলিশকে কিছু প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোচনা হবে বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম