মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন চেম্বার আদালত। ফলে খালেদার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার কার্যক্রম স্থগিতই থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এই আদেশ দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে ২৯ মার্চ বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদার রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা কর হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করেন আদালত। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বিতর্কিত মন্তব্য করেন। এ ঘটনায় ২০১৬ সালের ২১ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মমতাজ উদ্দিন মেহেদি। পরে এই মামলায় তিনি বিচারিক আদালত থেকে জামিন নেন।
/এমটি/ইউআই/এসটি








