বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি কোম্পানিগুলোর আগ্রহ দিন-দিন বাড়ছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্শা এস বার্নিকাট। তিনি বলেন, ‘বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের কাজ করার ইচ্ছে আছে।’ সোমবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন।এ সময় এক্সিলারেট, সানএডিসন, জিইসহ কয়েকটি কোম্পানি জ্বালানি ও বিদ্যুৎ খাতে কাজ করতে আগ্রহী বলে জানান বার্নিকাট।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে খুবই কম।’ বিপুল সম্ভাবনাময় এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর জন্য তিনি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা রাষ্ট্রদূতকে অবহিত করে নসরুল হামিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা বা সংশ্লিষ্ট কোম্পানিগুলো নিয়ে রোড শো বা সেমিনার করা যেতে পারে।’
প্রাথমিক জ্বালানি, সঞ্চালন, বিদ্যুৎ উৎপাদন বিনিয়োগের উৎকৃষ্ট খাত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ সব খাতে আমেরিকান বিনিয়োগকে স্বাগত জানানো হবে।’
/এমএনএইচ/







