তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টা ৩২ মিনিটে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে ড্রুকএয়ারে ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে প্যারো আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। প্যারো বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী শেখ হাসিনাকে বিদায় জানান।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের আমন্ত্রণে শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে যান এবং দেশটির রাজধানী থিম্পুতে একটি অটিজম কনফারেন্সে বক্তৃতা দেন।
প্রধানমন্ত্রীর এ সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এরমধ্যে তিনটি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতিবিষয়ক এসব চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়।
এর আগে ১৮ এপ্রিল বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থিম্পুতে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রী তেসেরিং তোবগের এবং থিম্পুতে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এ সময় দুটি শিশু তাকে ফুলেরতোড়া প্রদান করে এবং পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক খাদার (স্কার্ফ) উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ভুটানের সেনা সদস্যরা গার্ড অব অনার প্রদান করে এবং তিনি গার্ড পরিদর্শন করেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে বিমানবন্দর থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে লা মেরিডিয়ান থিম্পু হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী ভুটান সফরকালে এখানেই অবস্থান করবেন। সেখানে ভুটানের রয়েল প্রিভি কাউন্সিলের চেয়ারম্যান লিয়েনপো চেনকাব দর্জি তাকে অর্ভ্যথনা জানান।
সূত্র: বাসস
/এমএ/








