রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে চলমান ‘টানাপড়েন’ নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সিনিয়র সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, ‘মন্ত্রীর পদ-মর্যাদা চান আমার এলাকার উপজেলা চেয়ারম্যান। এখন বিচার বিভাগ যদি সর্বোচ্চ মর্যাদা চায়, তবে তার কী হবে? প্রধানমন্ত্রী ও সংসদ নেতাকে অনুরোধ করব, এখানে (সংসদে) আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে। সেটাই ভালো হবে।’ মঙ্গলবার ১০ম সংসদের ১৫তম অধিবেশনে শুরুর দিনে মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
ফখরুল ইমাম এমপি বলেন, ‘দেশে এখন আতঙ্ক ও ক্ষোভের কিছু একটা চলছে। আমরা ভেবেছিলাম, প্রধানমন্ত্রী তিন বিভাগের যে ব্যবস্থাপনা দিয়েছেন, তা নিয়ে আর কোনও কথা হবে না। কিন্তু আমরা দেখছি, এরপরও আলোচনা হচ্ছে। এতে মানুষ আস্থা হারিয়ে ফেলছে। কেউ কেউ বলছেন, দেশে আইনের শাসন নেই। তবে কারা বলছেন, কিভাবে বলছেন, জানি না। সরকারের উচিত এগুলো গুরুত্ব দিয়ে দেখা।’
পার্লামেন্টের অগ্রাধিকার প্রসঙ্গে ফখরুল ইমাম বলেন, ‘এই পার্লামেন্ট সংবিধান উপহার দিয়েছে। বিচার বা নির্বাহী বিভাগ দেয়নি। এই সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করে। সংসদ নেতা নির্বাহী বিভাগের প্রধান ঠিক করেন। দু’টি বিভাগ এখানেই আছে। বিচার বিভাগ এত কথাবার্তা কিভাবে বলছে?’
প্রধান বিচারপতির নাম উল্লেখ না করে এই সংসদ সদস্য বলেন, ‘তিনি বলেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতাকে অনুরোধ করব, তিনি যেন, বিষয়গুলো নিয়ে এখানে (সংসদে) আলোচনার মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা করেন। সেটাই ভালো হবে।’
এদিকে তিস্তার পানির ‘ন্যায্য’ হিস্যা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন স্বতন্ত্র সদস্য তাহজীভ আলম সিদ্দিকী। এছাড়া বন্যায় হাওরে ফসলহানি ও মাছ মরে যাওয়ার কথা সংসদে তুলে ধরেন হুইপ শাহাবউদ্দিন।
/ইএইচএস/এমএনএইচ/







