চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে দেশে আলুর উৎপাদন এক কোটি মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশ সপ্তম। গত অর্থবছরে আলুর উৎপাদন হয়েছিল ৯৪ লাখ ৭৪ হাজার মেট্রিক টন। এই অর্থবছরে এর পরিমাণ এক কোটি ১০ লাখ মেট্রিক টনেরও বেশি হবে।’
মঙ্গলবার (২ মে) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘চলতি অর্থবছরে ১১টি জেলার ৪০টি উপজেলায় বসতবাড়িতে আলুর সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
মতিয়া চৌধুরী বলেন, ‘এরই মধ্যে ৩০টি আলু সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়ভাবে আলু সংরক্ষণের কলা-কৌশলে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এতে আলু চাষিরা বসতবাড়িতে তিন থেকে চার মাস আলু সংরক্ষণ করার বিষয়ে সচেতন হয়েছেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘গ্রামের জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে আলুর বাণিজ্যিক ব্যবহার বাড়ানোসহ ক্ষুদ্র শিল্প স্থাপনে প্রণোদনামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।’
কৃষিমন্ত্রী এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, ‘আম সংরক্ষণের জন্য বেসরকারি কোনও উদ্যোক্তা এগিয়ে এলে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।’
সংসদে মঙ্গলবার সংসদ কার্যে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বাংলাদেশ সরকারের কর্মকমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বাসস।
আরও পড়ুন-








