আদালতের নির্দেশ অনুযায়ী সাড়ে ৫ হাজার অডিটরকে স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি না দিয়ে বিভাগীয় পরীক্ষার ব্যবস্থা করায় অডিটর জেনারেলের বিরুদ্ধে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। ফলে আগামী ৬ মে পরীক্ষায় বাধা নেই।
বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে তা খারিজ করে দেন।
রিটে অডিটর জেনারেল, জনপ্রশাসন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।
রিট আবেদনে পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা বাতিল চাওয়া হয়। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে অ্যাডভোকেট তনয় কুমার সাহা এ রিট আবেদন করেন।
রিট বিষয়ে অ্যাডভোকেট তনয় কুমার সাহা সাংবাদিকদের বলেন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দফতরে কর্মরত প্রায় সাড়ে পাঁচ হাজার অডিটরের স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতির দাবি ছিল দীর্ঘদিনের। চার বছর আগে অডিটরদের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশও করে অর্থ মন্ত্রণালয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সে সুপারিশ আমলে না নেওয়ায় হাইকোর্টে রিটটি করা হয়।
২০১৬ সালে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট অডিটরদের স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার নির্দেশ দেন যে রায়টি আপিল বিভাগেও বহাল থাকে।
উচ্চ আদালতের আদেশের পরও অডিটরদের পদোন্নতি না দিয়ে দ্বিতীয় শ্রেণির পদে পদায়নের জন্য বিভাগীয় পরীক্ষার নেওয়ার জন্য ১৭ এপ্রিল নোটিশ দেওয়া হয়। এ অবস্থায় বিভাগীয় পরীক্ষা নেওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। বুধবার এ বিষয়ে শুনানি নিয়ে খারিজ করে দেন আদালত।
/এমটি/ইউআই/এসটি/







