মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫৬ শতাংশ। এছাড়া পাসের হারও কমেছে ১২.২ শতাংশ।
বৃহস্পতিবার (৪ মে) ঘোষিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল থেকে জানা গেছে, গত বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৮৯৫ জন জিপিএ-৫ পেয়েছিল। ২০১৭ সালে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৬১০ জন। সুতরাং এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমেছে ৩ হাজার ২৮৫।
২০১৬ সালে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন। এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ২ লাখ ৫৩ হাজার ৩৪৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৩ হাজার ৫১ জন। গতবারের চেয়ে এবার ২৪ হাজার ২৬৩ শিক্ষার্থী কম পাস করেছেন। গত বছরের পাসের হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। এ বছর পাসের হার ৭৬.২০ শতাংশ।
বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার ফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
/আরএআর/জেএইচ/








