পাট ব্যাগ ব্যবহারের পক্ষে এবং প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী ১৫ মে থেকে সপ্তাহব্যাপী অভিযান শুরু হচ্ছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ সুষ্ঠুভাবে প্রতিপালন হচ্ছে কিনা, মনিটারিংয়ের জন্য এই অভিযান চলবে।
এই আইনে ১৭টি পণ্য-ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তাই এই আইন বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী সড়ক পথ, জলপথ, স্থলবন্দর, মালামাল পরিবহনকারী যানবাহন, উৎপাদনকারী, প্যাকেটজাতকারী, আমদানিকারক-রফতানিকারক প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান চলবে। স্বরাষ্ট্র, বন ও পরিবেশ, সড়ক ও সেতু পরিবহন, নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র্যাবের সহায়তায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।এটি নিয়মিত চলতে থাকবে।
অভিযানের পাশাপাশি সোনালী আঁশ পাটের উৎপাদন এবং এর বহুমুখী ব্যবহারকে উৎসাহিত ও জনপ্রিয় করতে ১৭টি পণ্যের পাটজাত মোড়কের ব্যবহার ও জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভা-সমাবেশ এবং পাটজাত পণ্য প্রদর্শনী অব্যাহত রাখা হবে।
রবিবার সচিবালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন সেক্টরে জড়িত সরকারি-বেসরকারি কর্মকর্তা ও নেতারা এক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । খবর বাসস।
/এসটি/







