সাংবাদিকতার জন্য লাইসেন্স দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক। বাংলা ট্রিবিউনের তিন বছর পূর্তি উপলক্ষে ‘অনলাইন সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার (১৩ মে) বাংলা ট্রিবিউন কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেন, ‘অনলাইন একটি বিশাল পরিসর। এখানে তিন ধরনের দায়বদ্ধতা আমি দেখি- প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, রাষ্ট্রের দায়বদ্ধতা ও কমিউনিটির দায়বদ্ধতা।’
আরিফ জেবতিক বলেন, ‘সাময়িক হিট পাওয়ার জন্য নিউজ করলেও সামগ্রিভাবে পাঠক বিশ্বাসযোগ্যতা কমে যাবে। নীতিমালার কথা বলা হচ্ছে, কিন্তু এখনও হয়নি। সাংবাদিকতাকে দায়বদ্ধার মধ্যে আনার জন্য রাষ্ট্রের ভূমিকা প্রয়োজন।’
আলোচনায় বিষয়ের ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব নিউজ হারুন উর রশীদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন মিডিয়া ও ফিল্ম স্টাডিজের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা, প্রথম আলোর বিদেশ সংস্করণ সম্পাদক সেলিম খান, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, বাংলা নিউজ ২৪ এর হেড অব নিউজ মাহমুদ মেনন খান, বাংলা ট্রিবিউনের হেড অব মার্কেটিং বন্যা মির্জা ও বিডিনিউজ ২৪ এর হেড অব নিউজ নাসিরুদ্দিন খোকন।
/সিএ/এফএইচএম/








