অনলাইন সংবাদমাধ্যমের কারণে সারাবিশ্বে সাংবাদিকতার ধরন পাল্টে গেছে বলে মত দিয়েছেন বাংলানিউজ২৪.কমের হেড অব নিউজ মাহমুদ মেনন খান। বাংলা ট্রিবিউনের তিন বছর পূর্তি উপলক্ষে ‘অনলাইন সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার (১৩ মে) বাংলা ট্রিবিউনের কার্যালেয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মাহমুদ মেনন খান বলেন, ‘আমাদের সাংবাদিকদের মান নিয়ে আলোচনা হওয়া উচিত। বাংলাদেশের মানুষ এখনও অনলাইন মিডিয়ার ধারণা বিষয়ে এখনও পরিষ্কার হয়নি। ফলে মূল ধারার সঙ্গে একটি নাম সর্বস্ব অনলাইনকে মিলিয়ে ফেলেন।’
তিনি আরও বলেন, ‘এখন অনলাইন সংবাদমাধ্যমের বড় সমস্যা প্রতিযোগিতা। প্রতিযোগিতা করতে গিয়ে অনেকগুলো সমস্যার মধ্যে ফেলেছে আমাদের। নীতিমালার সঙ্গে এথিকস ও পলিসি প্রয়োজন।’
আলোচনায় বিষয়ের ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ও আলোচক ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন মিডিয়া ও ফিল্ম স্টাডিজের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা, প্রথম আলোর বিদেশ সংস্করণ সম্পাদক সেলিম খান, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, বাংলা নিউজ ২৪ এর হেড অব নিউজ মাহমুদ মেনন খান, বাংলা ট্রিবিউনের হেড অব মার্কেটিং বন্যা মির্জা ও বিডিনিউজ ২৪ এর হেড অব নিউজ নাসিরুদ্দিন খোকন।
/সিএ/এফএইচএম/








