জনস্বার্থে নেওয়া অনেক আইন অসম্পূর্ণ থাকে। ফলে তা অধিকতর পরীক্ষা নীরিক্ষার জন্য মন্ত্রিসভা অনুমোদন করে না। তা ফেরত আসে। তাই কোনও আইনের খসড়াই যেন মন্ত্রিসভা থেকে ফেরত না আসে, সেজন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে (আইন) আট সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটিতে আইনের খসড়া প্রণয়নে উদ্যোগী মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সিআর), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব (ড্রায়টিং), জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব (আইন প্রণয়ন), অর্থ বিভাগের (আর্থিক সংশ্লেষ থাকলে) উপ-সচিব (বাজেট-২৩) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষের অ্যাসাইনমেন্ট কর্মকর্তাকে এই কমিটির সদস্য করা হয়েছে।
কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে আদেশে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব অথবা সিনিয়র সহকারী সচিব (আইন) এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞপণে বলা হয়েছে, আইনের খসড়া পর্যালোচনায় প্রস্তাবিত আইনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন আইন, বিধি, প্রবিধান, রীতি, প্রস্তাবিত আইন বা সংশোধনীর বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ (যদি থাকে), আইন প্রণয়ন বা সংশোধনের উদ্দেশ্য ও এর সম্ভাব্য প্রভাব, সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন, চুক্তি, কনভেশন, সমঝোতা স্মারক, সিদ্ধান্ত, প্রটোকল- এই বিষয়গুলো বিবেচিত হবে।
আইনের খসড়ায় বিষয়গত যথার্থতা পরীক্ষা, ভাষাগত উৎকর্ষ সাধন এবং সংশ্লিষ্ট অন্য আইনের সঙ্গে সামঞ্জস্য ও সঙ্গতি আনতেই এ কমিটি করেছে সরকার।
/এসআই/এমএনএইচ/








