দেশের প্রত্যেক উপজেলায় অনলাইন নামজারি কার্যক্রম চালুর সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি প্রত্যেক উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও সেটেলমেন্ট অফিসের সঙ্গে আন্তঃযোগাযোগ সফটওয়ার ব্যবহার করে এ কার্যক্রম চালুর সুপারিশ করেছে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটি সদস্য মীর শওকাত আলী বাদশা, মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু ও জাহান আরা বেগম সুরমা অংশ নেন।
বৈঠকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শে গৃহীত গুচ্ছগ্রাম প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। এছাড়া মন্ত্রণালয় ও জরিপ অধিদফতরের কাজের মধ্যে সমন্বয় সাধন, গতিশীলতা বৃদ্ধি ও রাজস্ব আদায় বাড়ানোর জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার সুপাশি করে। কমিটি সব উপজেলায় ডিজিটাল ভূমি জরিপের কাজ চলমান রাখার সুপারিশ করে।
/ইএইচএস/ এমএনএইচ/








