লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা জনৈক আবুল হাসেমের বাড়ি তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে সরকারকে ওই বাড়ির মালিককে ক্ষতিপূরণ বাবদ ৪০ লাখ টাকা দিতে বলেছেন আদালত।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের পর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ২০১১ সালে লালবাগ কেল্লার সীমানার ভেতর থাকা অবৈধ স্থাপনা অপসারণে হাইকোর্টে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে রিট আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে একই বছর হাইকোর্টের একটি বেঞ্চ লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। গত এপ্রিল মাসে আপিল বিভাগ লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা কী কী অবৈধ স্থাপনা আছে তা জানতে চান। এ বিষয়ে প্রতিবেদন দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন অধ্যাপকসহ তিনজনকে নির্দেশও দেন। ওই কমিটি ২৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
/এমটি/ইউআই/এসএনএইচ/








