দেশে সড়ক দুর্ঘটনা কমছে দাবি করে সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনও কোনও প্রতিষ্ঠান ও সংস্থা সড়ক দুর্ঘটনা নিয়ে অতিরঞ্জিত পরিসংখ্যান প্রকাশ করে থাকে। যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’
বুধবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে ওবায়দুল কাদের একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে দুই হাজার ৫৬৬টি দুর্ঘটনায় দুই হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই হাজার ১৩৪ জন। ২০০৯ সালের হিসেবে তিন হাজার ৩৮১টি দুর্ঘটনায় দুই হাজার ৯৫৮ জন নিহত ও দুই হাজার ৬৮৬ জন আহত হন।
মন্ত্রী জানান, জাতিসংঘের এসডিজি অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে অঙ্গীকারাবদ্ধ। সড়ক দুর্ঘটনা কমনোর লক্ষ্যে ধারাবাহিকোবে প্রকল্প, কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে।
ফেনী-২ আসনের নিজাম উদ্দীন হাজারীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, দেশে এখন ৩০ লাখ আট হাজার ২৫৭টি মোটরযান আছে। এর মধ্যে বাস ৩৯ হাজার ৯৪৫টি, মিনিবাস ২৭ হাজার ১১৮টি, ট্রাক একলাখ ১৯ হাজার ৮০৪টি, লরি চার হাজার ৬৬৪টি এবং প্রাইভেট কার আছে তিন লাখ ১০ হাজার ৮২১টি।
সংরক্ষিত মহিলা আসনের সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরীতে নারীদের চলাচলের সুবিধার্থে বিআরটিসির মহিলা বাস বাড়ানোর পরিকল্পনা সরকারের আছে। বিআরটিসিতে নতুন বাস সংযোজিত হলে ঢাকা মহানগরে মহিলা বাস সার্ভিসের সংখ্যা বাড়ানো হবে।’
/ইএইচএস/এসটি/








