লন্ডনে সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত কোনও বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সেখানের বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। রবিবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনাটি মাঝরাতে ঘটেছে। এখন সেখানে ভোর সাড়ে ৫টা বাজে। আমরা এখনও এ ঘটনার পূর্ণ রিপোর্ট পায়নি। রিপোর্ট পেলে পরিষ্কার করে বলা যাবে। তবে এখনও পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশি হতাহতের কোনও খবর আসেনি।
লন্ডনে বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি কী? জানতে চাইলে তিনি বলেন, এখানে বাংলাদেশিদের দৃশ্যমান কোনও সমস্যা নেই। তবে এ ধরনের ঘটনায় একটা মানসিক চাপ তো থাকেই।
উল্লেখ্য, শনিবার রাতে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে একটি ভ্যানের ধাক্কায় কয়েকজন পথচারী আহত হন। পরে ওই ভ্যান থেকে চারজন ব্যক্তি বড় আকারের ছুরি নিয়ে নেমে পড়ে। ব্রিজের নিকটবর্তী বরো মার্কেটে কয়েকজনকে ছুরিকাঘাত করে ওই ব্যক্তিরা। তাদের ওপর গুলি চালায় পুলিশ।
পুলিশ জানায়, এই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ভক্সহলে আরেকটি ঘটনা সামাল দেওয়া হচ্ছে। যেটা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানায় স্কটল্যান্ড ইয়ার্ড।
/এসএসজেড/এসএনএইচ/








