লন্ডন ব্রিজ ও সেন্ট্রাল লন্ডনের বোরো মার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনার চরম নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’কে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আমরা ব্রিটেনের জনগণের সঙ্গে একাত্বতা ঘোষণা করছি।
শেখ হাসিনা বলেন, এ হিংস্র হামলায় ছয়জন নিহত হওয়ায় আমি খুবই দুঃখিত। আমার সরকার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে এবং ব্রিটেনের জনগণকে সমবেদনা জানাই।
উল্লেখ্য, শনিবার রাতে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে একটি ভ্যানের ধাক্কায় কয়েকজন পথচারী আহত হন। পরে ওই ভ্যান থেকে চারজন ব্যক্তি বড় আকারের ছুরি নিয়ে নেমে পড়ে। ব্রিজের নিকটবর্তী বরো মার্কেটে কয়েকজনকে ছুরিকাঘাত করে ওই ব্যক্তিরা। তাদের ওপর গুলি চালায় পুলিশ।
পুলিশ জানায়, এই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ভক্সহলে আরেকটি ঘটনা সামাল দেওয়া হচ্ছে। যেটা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানায় স্কটল্যান্ড ইয়ার্ড।
/এসএসজেড/এসএনএইচ/








