লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, লন্ডনে সন্ত্রাসী হামলায় ঝুঁকিপূর্ণ হচ্ছে মুসলমানদের বসবাস। বুধবার (৭ জুন) দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বহির্বিশ্বে মুসলমানদের বসবাসকে ঝুঁকিপূর্ণ ও আতঙ্কগ্রস্ত করতেই এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। ইসলামে নিরপরাধ মানুষ হত্যার কোনও বিধান নেই। ইসলাম শান্তি, উদারতা ও সহিষ্ণুতার এক ধর্ম।
দমন-পীড়নে সন্ত্রাস ঠেকানো যাবে না উল্লেখ করে মাসঊদ বলেন, ‘তারুণ্যের মানসিক বৈকল্য দূর করতে চেষ্টা করতে হবে। কী কারণে তরুণরা বখে যাচ্ছে, কী কারণে অসহিষ্ণু হয়ে উঠছে তার মূল কারণ খুঁজে বের করতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে চলা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা অসম্ভব হয়ে পড়বে।’
মুসলমানদেরকে সন্ত্রাসবিরোধী অবস্থান গ্রহণের আহ্বান তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রত্যেক মুসলমানকে সরব হতে হবে। প্রতিটি ঘর থেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।
/সিএ/এসটি/








