স্থানীয় সরকারের অধীনস্ত সিটি করপোরেশনের সব হিসাব ও রাজস্ব ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা হবে, বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘এটি করা গেলে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণের মধ্যে আসবে।’ বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব ও হিসাব বিভাগের অটোমেশন কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘দুর্নীতি ঠেকাতে ডিজিটালাইজেশনই এখন একমাত্র পথ। আমরা যদি ডিজিটালাইজড করতে পারি তাহলে সমস্ত প্রশাসনে অব্যবস্থা এমনকি দুর্নীতি প্রায় ৭০ থেকে ৮০ ভাগ নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে। ডিজিটালাইজেশন ছাড়া আমাদের সামনে আর কোনও পথ খোলা নাই। যত তাড়াতাড়ি সিস্টেম ডিজিটালাইজড হবে জাতির জন্য ততটাই মঙ্গল।’
দুই সিটি করপোরেশনের রাজস্ব ও হিসাব বিভাগকে অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, জানিয়ে মন্ত্রী বলেন, ‘এতে সমস্ত ট্যাক্স/কর সংগ্রহের তথ্যগুলো ডিজিটালাইজড করা হবে। যা ঘরে বসেই তদারকি করা যাবে। পৌরসভাগুলো নানান অসুবিধার কারণে নির্ধারিত করের ৭৫ ভাগই আদায় করতে পারে না। তাই এটা ডিজিটালাইজড হয়ে গেলে হিউম্যান কানেকশনটা অনেক কমে যাবে।’
জানা গেছে, ‘আরবান পাবলিক ইনভায়রনমেন্ট হেলথ সেক্টরস প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় সিটি করপোরেশনগুলোর রাজস্ব ও হিসাব বিভাগকে অটোমেশন করার প্রকল্প নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং এডিবি সহযোগিতা করছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।
/এসআই/এমও/








