আষাঢ় আসতে বাকি মাত্র দুদিন। শেষ জ্যেষ্ঠের ভ্যাপসা গরমে নগরবাসীর জীবন ওষ্ঠাগত। সবাই অপেক্ষা ছিলেন, কখন নামবে বৃষ্টি। নগরীতে রবিবার বিকাল থেকে সেই প্রতিক্ষিত বৃষ্টি শুরু হয়েছে। বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার দুপুর পর্যন্ত থেমে থেমেই ঝরছে। সোমবার সারাদিনই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, নিম্নচাপের প্রভাবে কেবল ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আজ সারা দিনই বৃষ্টি থাকবে।
আবহাওয়া অফিসের দিনের বুলেটিন অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূল ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে আজ ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর পূর্বদিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টার দিকে ভোলা ও এর আশপাশের উপকূলীয় এলাকায় অবস্থান করছিল। নিম্নচাপটি আরও উত্তর পূর্বে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।
রবিবার বিকাল থেকে থেমে থেম বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদফতরের সূত্র বলছে, রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রাতের বৃষ্টি স্বস্তি দিলেও সোমবার সকালে অফিসযাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। গণপরিবহন কম থাকা এবং বেশিরভাগ বাসস্ট্যান্ডে পানি জমে থাকায় এলোমেলো হয়ে গেছে পরিবহন ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিমানবন্দর থেকে মহাখালী ফ্লাইওভার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তীব্র যানজট। অন্য রাস্তাগুলোতে হঠাৎ হঠাৎ তীব্র যানজট হলেও বেশিরভাগ রাস্তা ফাঁকা।
রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে কাওরান বাজার, পান্থপথ সিগন্যাল থেকে ৩২ নম্বর ও ধানমন্ডি ২৭ থেকে সায়েন্সল্যাবের রাস্তায় মাঝারি যানজট তৈরি হলেও অন্যান্য রাস্তা বৃষ্টিতে ফাঁকা দেখা গেছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সর্বশেষ বিশেষ বুলেটিন অনুযায়ী নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পূর্বে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।
ছবি: নাসিরুল ইসলাম।
/ইউআই/এসটি/








