ইভটিজারদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, ‘ইভটিজিংয়ের কারণে অনেক মেয়েকে বাল্য বিয়ে দিতে বাধ্য হচ্ছেন বাবা-মা। এদের বিরুদ্ধে সরকারের মতো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ইভটিজিং প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা। মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘ইভটিজারদের বিরুদ্ধে প্রতিটি বিদ্যালয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলোকে সোচ্চার থাকতে হবে। যারা ইভটিজিংয়ের মতো অপরাধে জড়িত তাদের ধরিয়ে দিতে হবে।’
তিনি আরও জানান, 'ইভটিজারদের বিরুদ্ধে সরকার প্রতিটি বিদ্যালয়ে অভিযোগ বক্স রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেউ অভিযোগ করে চিঠি দিলে সেগুলো আমলে নিয়ে সরকার কঠোর ব্যবস্থা নেবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা,আওয়ামী লীগ নেতা এম এ করিম, আসাদুজ্জামান খান দূর্জয় প্রমুখ।
/আরএআর/এসএনএইচ/








