আসন্ন ঈদুল ফিতরের আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন মিলিয়ে মোট দশ দিন দেশের নদীগুলোতে বালুর ট্রলার চলা বন্ধ থাকবে। নদীতে দুর্ঘটনা এড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আসন্ন ঈদের সময় ঝুঁকি নিয়ে কোনও লঞ্চ চলতে দেওয়া হবে না। এতে হয়তো যাত্রীদের কিছুটা হয়রানি বাড়বে, তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর ও সংস্থার সঙ্গে কর্ম সম্পাদন চুক্তি সই অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। মন্ত্রণালয়ের পক্ষে নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এবং দফতর ও সংস্থার পক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রধানরা এতে সই করেন।
শাহজাহান খান বলেন, ‘দেশের লঞ্চঘাটগুলোয় নানা ধরণের অনিয়মরোধে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সদরঘাটে এই প্রথমবারের মতো টিকেট কাউন্টার খোলা হয়েছে। এর মাধ্যমে একটি লঞ্চে কতোজন যাত্রী উঠলো তা জানা যাবে।’
/এসআই/এসএনএইচ/








