বাংলাদেশের বিদ্যুৎ ও তৈরি পোশাক খাতের উন্নয়নে শীর্ষ স্থানীয় দুটি সুইডিশ কোম্পানি ‘দ্য ইনভেস্টর এবি’ এবং ‘এবিবি সুইডেন’ কাজ করতে আগ্রহ দেখিয়েছে।
ইনভেস্টর প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেনবার্গ, ইনভেস্টর ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্ম আজ সকালে (শুক্রবার) গ্রান্ড হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথক সাক্ষাৎকালে তারা এ আগ্রহের কথা জানান।
সুইডেনে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে শেখ হাসিনা এখন স্টকহোমে অবস্থান করছেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘ইনভেস্টর এবি এবং এবিবি সুইডেন-এর শীর্ষ নির্বাহীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের সমৃদ্ধি এবং ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন।
শেখ হাসিনা দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তাদের অবহিত করেন।
পরে এইচ অ্যান্ড এম’র প্রেসিডেন্ট ও সিইও কার্ল যোহান পারসন প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করেন।
বৈঠককালে প্রধানমন্ত্রী তৈরি পোশাক খাতের উন্নয়নে তার সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তৈরি পোশাক পণ্যের মূল্য বাড়ানোর জন্য বায়ারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রকৃতপক্ষে এতে শ্রমিকরাই লাভবান হবে।’
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার এবং বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
/এপিএইচ/
আরও পড়ুন: নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর আহ্বান








