লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সুইডেনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পথে লন্ডনে হিথ্রো বিমান বন্দরে যাত্রাবিরতির সময় তিনি এ দুঃখ্য প্রকাশ করেন। লন্ডনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার নাদীম কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় প্রধানমন্ত্রী লন্ডনের বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইনের কাছে ঘটনার বিস্তারিত জানতে চান। পরে দুর্ঘটনায় যেসব ব্রিটিশ-বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবধরনের সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন এবং শোকাগ্রস্ত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
গত ১৪ জুন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে‘র কাছে দুঃখ প্রকাশ করে একটি শোক বার্তা পাঠান।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ দুর্ঘটনার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে এবং একজন কমকর্তা ইতিমধ্যেই অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারদের খোঁজ রাখছেন। এছাড়া ব্রিটিশ-বাংলাদেশি কমরু মিয়াসহ তার পরিবারের ৫ সদস্যের নিখোঁজ ও সম্ভাব্য মৃত্যুর খবর জানার পর হাইকমিশনার বেঁচে যাওয়া একমাত্র ছেলে আব্দুল হাকিমসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন এবং শুক্রবার সকালে তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।
ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
/এসএনএইচ/







