হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালিন্দো এয়ারের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। সোমবার (২৭) বিকেলে উইন্ডো ক্র্যাক করায় মালয়েশিয়াগামী ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। তবে এ ঘটনায় উড়োজাহাজের ১৩৬ যাত্রীর কোনও ক্ষতি হয়নি। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার দুপুর দুইটার দিকে ১৩৬ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে মালিন্দো এয়ারের ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে। আকাশে ওড়ার কিছু সময় পর উড়োজাহাজের উইন্ডো ক্র্যাক করে। এরপর ফ্লাইটটি মালায়শিয়া না নিয়ে ঢাকায় জরুরি অবতরণ করে।
এ প্রসঙ্গে এয়ারপোর্ট আমর্ড পুলিশের সিনিয়র এএসপি জিয়াউল হক বলেন, ‘মালয়েশিয়াগামী মালিন্দো এয়ারের ফ্লাইটটি উইন্ডো ক্র্যাক হওয়া ঢাকায় জরুরি অবতরণ করে। ফ্লাইটের যাত্রীদের পরের ফ্লাইটগুলোতে পাঠানো হবে।’
অন্য একটি এয়ারলাইন্সের একজন প্রকৌশলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত একটি উড়োজাহাজ অভ্যন্তরীণ ফ্লাইটে ১৪ থেকে ১৭ হাজার ফুট ওপর দিয়ে যায়। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ৩৭ হাজার ফুটের ওপরেও উঠে। আকাশে সেই উচ্চতায় অক্সিজেন কম থাকে। কিন্তু উড়োজাহাজের ভেতরে ভূমির মতো চাপ নিয়ন্ত্রণ করে রাখা হয়। উইন্ডো ক্র্যাক করলে উড়োজাহাজের ভেতরেও চাপ বেড়ে যাবে। যাত্রীদের শরীরে চাপ বেড়ে গিয়ে নাক, মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে। দীর্ঘসময় এমন চাপে থাকলে মানুষের মৃত্যুও হতে পারে। উইন্ডো ক্র্যাক করলে দ্রুত ১৪ হাজার ফুট উচ্চতায় উড়োজাহাজ নামিয়ে আনতে হয়।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালিন্দো এয়ারের এক কর্মকতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করা হবে।’
গত ২৮ আগস্ট ২০১৩ সালে ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মালিন্দো এয়ার। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার যৌথ বিনিয়োগে মালয়েশিয়াভিত্তিক পরিচালিত হয় মালিন্দো এয়ার।
/সিএ/এসএনএইচ/এসএমএ/








