বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কিভাবে সম্পর্ক বাড়ানো যায় তার জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে মতামত ও পরামর্শ চেয়েছে ইস্তান্বুলে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল। প্রবাসী বাংলাদেশিদেরকে ‘শুভেচ্ছা রাষ্ট্রদূত’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে এই প্রথমবারের মতো ইস্তান্বুলের বাংলাদেশ মিশন প্রবাসীদের মতামত ও পরামর্শ আহ্বান করেছে। মঙ্গলবার (৪ জুলাই) ইস্তান্বুলের বাংলাদেশ মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার ইস্তান্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের গভীরতা ও মাত্রা বিশ্লেষণ করে তা আরও বাড়াতে ও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাঙালিরা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রগুলো দু’দেশের মধ্যে বিরাজমান সহযোগিতাকে আরও জোরদার করার অনেক সুযোগ রয়েছে।’
এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানোসহ বিভিন্ন স্থানীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক উৎসবগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশ নেওয়ার বিষয়ে তাদের জোরালো অভিমত দেন।
এছাড়া বাংলাদেশের সংস্কৃতি ও খাবারের পরিচিতি ও প্রসারের উদ্দেশ্যে ইস্তাম্বুলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুড ফেস্টিভ্যাল করা যেতে পারে বলে প্রবাসীরা সুপারিশ করেন। ইস্তাম্বুলে একটি বাংলাদেশি রেস্টুরেন্ট চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য কনস্যুলেটকে অনুরোধ করেন প্রবাসীরা।
একই ধরনের একটি অনুষ্ঠান গত মাসে তুরস্কের বুরসায় বসবাসরত বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হয়।
/এসএসজেড/এসএমএ/








