আষাঢ়ে বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অধিদফতর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের প্রায় বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও শঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ‘আরও তিন থেকে চার দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের আবার ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৯ মিলিমিটার, ঢাকায় ৮ মিলিমিটার, টাঙ্গাইলে ২৬ মিলিমিটার, ফরিদপুরে ২৩ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার, তেতুলিয়ায় ৯৪ মিলিমিটার, সৈয়দপুরে ৫৮ মিলিমিটার, মাইজদীকোর্টে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ছবি: সাজ্জাদ হোসেন
/সিএ/এসএমএ/








