বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ৪১তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার দুপুরে আর ই ব্যাটেলিয়ন জেটিতে ৬৫টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা। রোয়িং ফেডারেশন এই নৌকাবাইচের আয়োজন করে।
আয়োজন প্রসঙ্গে রোয়িং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট হাজী মোল্লা আবু কাউসার বলেন, ‘এবার অনুষ্ঠিত হল ৪১তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা ধরে রাখতে এ আয়োজন করে যাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও এ প্রতিযোগিতা আয়োজন করতে সক্ষম হবো।’
জাতীয় নৌকাবাইচে শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখেছে ‘বাংলাদেশ আনসার’। ৭ মাঝি মহিলা দল বিভাগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। ভিডিপি (বরিশাল) দ্বিতীয় এবং আলী নগর রেয়িং ক্লাব তৃতীয় হয়।
নৌকাবাইচ ইভেন্টের পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার মাঝি-মাল্লা সমিতি চ্যাম্পিয়ন, আলী নগর রোয়িং ক্লাব রানার্সআপ এবং ভিডিপি (বরিশাল) তৃতীয় হয়।
এছাড়া, ২৫ মাঝি কোষা নৌকা বিভাগে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আনজর আলীর দল চ্যাম্পিয়ন, নারায়ণগঞ্জের মফিজুল মিয়ার দল রানার্সআপ এবং মুন্সীগঞ্জের নুর আলম দল তৃতীয় হয়। ৫০ মাঝি ঊর্ধ্বে বাচারী নৌকা বিভাগে মাদারীপুরের সঞ্জয় ভক্তের দল চ্যাম্পিয়ন, গোপালগঞ্জের রোজিওর দল রানার্সআপ এবং মাদারীপুরের বিকাশ বাইংয়ের দল তৃতীয় হয়। ৫০ মাঝি ঊর্ধ্বে সারেঙ্গী নৌকা বিভাগের তিনটি পদকই জিতেছে ব্রাহ্মণবাড়িয়া দল। উসমান উল্লাহর দল চ্যাম্পিয়ন, হাজী নুরুল ইসলাম মেম্বারের দল রানার্সআপ এবং বাসু মিয়ার দল তৃতীয় হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এ সময় ইনডেক্স গ্রুপের কর্ণধার শফিউল্লাহ আল মুনীর, রোয়িং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউসার এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
/সিএ/এমও/








